উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার মেনে গরম তো পড়েই গেল! আর এই কাঠফাটা রোদ্দুরে শরীর বাগ মানানোই দায়। বাঙালির দুপুরের লাঞ্চে ভাতের সাথে ডাল মাস্ট, কিন্তু রোজকার একঘেয়ে ডাল কি আর সবসময় মুখে রোচে? এই সময় পেট আর মন—দুটোই চাঙ্গা রাখতে উচ্ছে দিয়ে মুগ ডাল বা ‘তেতো ডাল’-এর জুড়ি মেলা ভার। সাবেকি এই পদটি বানাতে যেমন সহজ, খেতেও তেমন খাসা। দেখে নিন ঝটপট রেসিপিটা:
কী কী লাগছে? (উপকরণ):


-
মুগ ডাল: ১ কাপ (শুকনো খোলায় একটু ভেজে নেওয়া)
-
হলুদ গুঁড়ো: আধা চা-চামচ
-
নুন: স্বাদমতো
-
উচ্ছে: ২-৩টে (পাতলা গোল গোল করে কাটা)
-
পাঁচফোড়ন: ১ চা-চামচ
-
আদাবাটা: ১ চা-চামচ
-
শর্ষের তেল: ১ কাপ (ভাজা ও রান্নার জন্য)
প্রণালি: ১. প্রথমে মুগ ডালটা ভালো করে ধুয়ে নিন। তারপর কড়ায় আন্দাজমতো জল, নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করে আলাদা করে তুলে রাখুন। ২. এবার উচ্ছের টুকরো গুলোতে একটু নুন-হলুদ মাখিয়ে কড়ায় তেল গরম করে বেশ মচমচে করে ভেজে তুলে নিন। ৩. কড়ার বাকি তেলে পাঁচফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আদাবাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিন। ৪. এবার সেদ্ধ করা ডালটা এই ফোড়নে ঢেলে দিন। ডালটা টগবগ করে ফুটে উঠলে ভেজে রাখা উচ্ছের টুকরোগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।
ব্যাস! আপনার তেতো ডাল একদম রেডি। গরম ভাতে একটু লেবু আর এই ডাল থাকলে গরমের দুপুরটা জাস্ট জমে যাবে। শরীরও থাকবে ফিট, আর মুখও ছাড়বে রুচি।

