উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেহালার পর এবার খড়দহ (Khardaha Fire)। ফের বিজেপি-র প্রজাতন্ত্র দিবসের (Republic Day 2026) অনুষ্ঠানের মঞ্চ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। খড়দহের পাতুলিয়া পঞ্চায়েতের বটতলা এলাকায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ‘ভারতমাতা’র পুজোর আয়োজন করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, রবিবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে সেই মঞ্চে আগুন ধরিয়ে দেয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা।
ঘটনার প্রতিবাদে সোমাবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi) তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের আচার-আচরণ বা পুজো কেউ আটকাতে পারবে না। পুড়ে যাওয়া প্যান্ডেলের সামনেই ভারতমাতার মূর্তি রেখে পুজো হবে।’ এই ঘটনাকে ‘জেহাদি শক্তির আস্ফালন’ বলে উল্লেখ করে তিনি তৃণমূলের মদতের দিকে আঙুল তোলেন। বিজেপি-র বুথ সভাপতি ভক্ত বিশ্বাসের দাবি, হিন্দু সম্মেলনে বাধা দিতেই এই পরিকল্পিত হামলা।
তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য পাল্টা দাবি করেন, ‘এসব ওদের নিজেদের পরিকল্পনা। নজর কাড়তে এবং উস্কানি দিতেই এসব করা হচ্ছে।’ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি বলেন, তদন্ত হলেই ‘দুধ কা দুধ, পানি কা পানি’ হয়ে যাবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বড় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজেপি-র পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।

