কিশনগঞ্জ: তুচ্ছ পার্কিং বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল বিহারের (Bihar Murder Case) আরারিয়ার ফরবেশগঞ্জ বাজার সমিতি এলাকা। বৃহস্পতিবার ধারালো অস্ত্র দিয়ে এক পিকআপ ভ্যান চালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক ছাতু বিক্রেতার বিরুদ্ধে। এই ঘটনার পরই উত্তেজিত জনতা ঘাতক যুবককে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফরবেশগঞ্জ (Forbesganj) মার্কেটিং ইয়ার্ডের সামনে পিকআপ ভ্যান পার্কিং করা নিয়ে ছাতু বিক্রেতা রবি চৌহানের সঙ্গে চালক মহম্মদ নবীর বচসা শুরু হয়। বিবাদ চরমে পৌঁছালে রবি আচমকাই ধারালো অস্ত্র দিয়ে নবীর গলায় আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় চালকের। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
গণপিটুনি ও হাসপাতালে হামলা:
অভিযোগ, চালককে খুনের পর ঘাতক রবি রক্তমাখা ওই ধারালো অস্ত্র হাতে এলাকায় দৌড়াদৌড়ি শুরু করে। উত্তেজিত জনতা একজোট হয়ে রবিকে তাড়া করে এবং পিটিয়ে তাকে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ সুপার জিতেন্দ্র কুমার বিশাল পুলিশবাহিনী (Police) নিয়ে পৌঁছান। এদিকে ঘাতক রবি বেঁচে আছে—এমন গুজব ছড়িয়ে পড়লে উন্মত্ত জনতা ফরবেশগঞ্জ সদর হাসপাতালে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের মারধর করারও অভিযোগ উঠেছে বিক্ষুব্ধদের বিরুদ্ধে।
পুলিশি তৎপরতা:
পরিস্থিতি সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। আরারিয়ার পুলিশ সুপার জিতেন্দ্র কুমার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত চালক নবীর ভাই আলি হোসেন জানিয়েছেন, রবির সঙ্গে তাঁর ভাইয়ের আগে থেকে কোনও শত্রুতা ছিল না। কেন এই মর্মান্তিক হামলা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

