উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক সময়ের ‘টেক আইকন’ থেকে এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। এপস্টেইন ফাইলস নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের (Epstein Files Controversy) আবহে ভারতের ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ (India AI Impact Summit 2026) থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। বৃহস্পতিবার গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গভীর বিবেচনার পর’ গেটস এই সিদ্ধান্ত নিয়েছেন।
দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই মেগা সামিটে আজই তাঁর মূল বক্তৃতা (Keynote Address) দেওয়ার কথা ছিল। কিন্তু ফাউন্ডেশনের বিবৃতিতে জানানো হয়েছে, সামিটের মূল উদ্দেশ্য থেকে যেন নজর ঘুরে না যায়, তাই গেটসের বদলে সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন অঙ্কুর ভোরা। এদিকে, মঙ্গলবার দুপুরেই সম্মেলনের গুরুত্বপূর্ণ আমন্ত্রিতদের তালিকা থেকে গেটসের নাম সাময়িকভাবে সরে যাওয়ার জল্পনা শুরু হয়েছিল যে তিনি হয়তো অনুষ্ঠানটি এড়িয়ে যেতে পারেন। তবে সেই সমস্ত জল্পনা খারিজ করে ফাউন্ডেশনের মুখপাত্র জানিয়েছিলেন, গেটস নির্ধারিত সূচি মেনেই বক্তব্য রাখবেন। কিন্তু আচমকাই এই নাটকীয় ভোলবদল নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
— Gates Foundation India (@BMGFIndia) February 19, 2026
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে গেটসের নাম জড়িয়ে যে নথি প্রকাশ্যে এসেছে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় বিতর্কের ঝড় বইছে। যদিও গেটস এই সমস্ত অভিযোগকে ‘ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন, তবুও জনমানসে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের মাটিতে পা রাখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে একাংশ সরব হয়েছেন। এমনকি অন্ধ্রপ্রদেশে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হলেও, নেটিজেনদের একাংশ তাঁকে ‘ভারতকে গবেষণাগার হিসেবে ব্যবহারের’ দায়ে অভিযুক্ত করেছেন।
এদিন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতো ব্যক্তিত্বরা উপস্থিত থাকছেন। গেটসের অনুপস্থিতিতে এখন সকলের নজর স্যাম অল্টম্যান এবং মুকেশ আম্বানির মতো টেক ও ব্যবসায়িক ব্যক্তিত্বদের বক্তব্যের দিকে।

