উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির দুপুরের খাবারে ডাল-ভাতের সঙ্গে এক টুকরো লেবু আর একটু ভাজাভুজি না থাকলে ঠিক জমে না। মুসুর ডালের বড়া কিংবা মাছের ডিমের বড়া তো আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু স্বাদে যদি রাজকীয় ছোঁয়া আনতে চান, তবে বিউলির ডালের বড়ার কোনও বিকল্প নেই। বিউলির ডালের নিজস্ব একটি সুগন্ধ রয়েছে, যা হিং আর কারি পাতার মিলনে এক অনন্য মাত্রা পায়। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু পদটি (Recipe)।
উপকরণ:


বিউলির ডাল (পরিমাণ মতো)
কুচানো পেঁয়াজ
কুচানো কাঁচা লংকা
ফ্রেশ কারি পাতা
এক চিমটি হিং
স্বাদ অনুযায়ী নুন
ভাজার জন্য সাদা তেল
প্রণালী:
প্রথমেই বিউলির ডাল ভালো করে ধুয়ে অন্তত ৩-৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। ডাল নরম হলে জল ঝরিয়ে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নিন। মনে রাখবেন, মিশ্রণটি যেন খুব পাতলা না হয়ে যায়। এরপর ডাল বাটার মধ্যে একে একে হিং, পেঁয়াজকুচি, কারি পাতা, কাঁচা লংকাকুচি এবং নুন দিয়ে দিন। তারপর ডাল বাটা ও মশলার মিশ্রণটি হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। মিশ্রণটি যত হালকা ও ফুরফুরে হবে, বড়া তত বেশি ফুলবে এবং মুচমুচে হবে। এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিন। এবার ছোট ছোট গোল গোল আকারে বড়াগুলি ছাঁকা তেলে ছাড়ুন। লালচে করে ভাজা হলে নামিয়ে নিন।
বিউলির ডাল হোক বা মুসুর ডাল—যেকোনও ডালের সঙ্গেই এই বড়া অমৃতের মতো লাগে। এমনকি বিকেলের জলখাবারে মুড়ির সঙ্গে মেখেও এই বড়া খাওয়ার তৃপ্তি আলাদা।

