বালুরঘাট: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন ভোট পরবর্তী হিংসা ও রাজনৈতিক কার্যালয় দখলের অভিযোগ আসছে, তখন সম্পূর্ণ বিপরীত ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে (Balurghat)। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নির্দেশে দখল হওয়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস (TMC Party Office) ফেরত দিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি, ভাঙচুর হওয়া অন্য একটি কার্যালয়ে নতুন আসবাবপত্র কিনে দিয়ে রাজনৈতিক সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তাঁরা।
মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই সৌজন্যের ছবি দেখা যায়। জানা গিয়েছে, ফল ঘোষণার পর ওই ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসটি দখল হয়ে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত স্থানীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান। এরপর তৃণমূল প্রতিনিধিদের ডেকে তাঁদের হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দেন তিনি।


একইভাবে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সেই খবর পেয়েও হাত গুটিয়ে বসে থাকেনি বিজেপি নেতৃত্ব। সমীর প্রসাদ দত্ত নিজে উদ্যোগী হয়ে ওই কার্যালয়ের জন্য পাঁচটি নতুন প্লাস্টিক চেয়ার কিনে দেন। রাজনৈতিক প্রতিহিংসার বদলে এমন গঠনমূলক কাজ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
বিজেপির এই ব্যতিক্রমী পদক্ষেপে খুশি তৃণমূল নেতৃত্বও। স্থানীয় এক তৃণমূল নেত্রী জানান, বিজেপির এই উদ্যোগ সত্যিই সাধুবাদযোগ্য। তাঁরাও এলাকায় কোনও হিংসার রাজনীতি চান না। প্রত্যেকেরই নিজের পছন্দের রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার আছে। এই সৌজন্যের জন্য তিনি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন।
বালুরঘাটের এই ঘটনা প্রমাণ করল যে, রাজনৈতিক মতাদর্শের লড়াই থাকলেও সামাজিক সৌজন্য ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব। প্রধানমন্ত্রীর দেওয়া ‘বদলা নয়, বদল চাই’ বার্তারই এক প্রতিফলন দেখা গেল এই শহরে।

