উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার লিওনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল যুবভারতীতে (Messi Event Chaos)। এই ঘটনা নিয়ে প্রথম থেকেই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি (BJP)। আর এবার বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত যুবভারতী কাণ্ডের প্রতিবেদন দেখিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ পদ্মশিবিরের। এই ঘটনার জেরে কলকাতা গোটা বিশ্বের কাছে ‘হাসির খোরাক’-এ পরিণত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে (Global laughingstock)।
যুবভারতীর ঘটনা নিয়ে লেখা কিছু বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন (International reports) রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে তিনি লেখেন, ‘সল্টলেক স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের চরম ব্যর্থতা কলকাতাকে বিশ্বের কাছে হাসির খোরাকে পরিণত করেছে। তিনি এবং তাঁর অদক্ষ মন্ত্রীরা এই অনুষ্ঠানটিকে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করেছিলেন। যেখানে কেবল হাতেগোনা কয়েকজনের প্রবেশাধিকার ছিল। আর তাঁরাই তারকাকে ঘিরে ধরেছিলেন, ফলে জনসাধারণের দৃষ্টির আড়ালে চলে গিয়েছিলেন তিনি। অথচ এই অনুষ্ঠানের জন্য সাধারণ মানুষই বিপুল অর্থ খরচ করেছে। আর সেই থেকেই তাঁদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে।’ এটিকে বিশ্বমঞ্চে একটি ‘অপমানজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করে শুভেন্দু বলেন, “ক্ষমা চাওয়া এবং ষড়যন্ত্র করে একজন ‘বলির পাঁঠার’ উপর সমস্ত দোষ চাপালেই তৃণমূল সরকারের চরম অযোগ্যতা মুছে যাবে না।” এনিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে একটি স্বাধীন বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
International Embarrassment !!!
Mamata Banerjee’s Administration’s epic failure at the Salt Lake Stadium has turned Kolkata into a ‘global laughingstock’. She and her inefficient Ministers, who turned the public event into an exclusive private function with access to only a… pic.twitter.com/jP9Q1QTHHI
— Suvendu Adhikari (@SuvenduWB) December 14, 2025
অন্যদিকে, একইভাবে বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। তিনি লিখেছেন, ‘সন্দেশখালি থেকে মেসি কাণ্ড পর্যন্ত বাংলার জন্য আন্তর্জাতিক স্তরে দুর্নাম ডেকে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার জন্য যা গর্বের মুহূর্ত হওয়ার কথা ছিল, তা প্রশাসনিক ব্যর্থতার এক জ্বলন্ত উদাহরণে পরিণত হয়েছে।’ এই ঘটনা আন্তর্জাতিক মঞ্চে বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করেছে বলেও অভিযোগ করেছেন মালব্য। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলার এখন দরকার এমন নেতৃত্ব ও স্বচ্ছতা, যারা কাজ করে দেখাতে পারবে।’
From Sandeshkhali to the Messi mess — Mamata Banerjee has brought international disrepute to Bengal.
What should have been a moment of pride for Kolkata turned into a textbook example of administrative collapse. The Mamata Banerjee government’s mismanagement at Salt Lake Stadium… pic.twitter.com/LOCpXcG0FC
— Amit Malviya (@amitmalviya) December 14, 2025
উল্লেখ্য, শনিবারের ঘটনার পরই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন বিধাননগর আদালতে তোলা হলে তাঁকে ১৪ দিনের পুলিশ হেপাজত দিয়েছেন বিচারক। এদিকে, এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দু এই কমিটির নিরপেক্ষতা প্রত্যাখ্যান করেছেন।

