উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার রাতে মধ্যমগ্রামে (Madhyamgram) দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Suvendu Adhikari PA Death)। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের (CBI Probe) দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। একই সঙ্গে ভোট-পরবর্তী হিংসায় তাদের তিন কর্মীর মৃত্যুর প্রসঙ্গ টেনে কড়া পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আদর্শ আচরণবিধি বলবৎ থাকা সত্ত্বেও ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি-সমর্থিত দুষ্কৃতীদের হাতে গত তিনদিনে আমাদের দলেরই তিনজন কর্মীকে হত্যার ঘটনারও নিন্দা জানাচ্ছি।’ আরও লেখা হয়েছে, ‘আমরা আদালত-নিয়ন্ত্রিত সিবিআই তদন্ত সহ এই বিষয়ে সম্ভাব্য সর্বোচ্চ পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে দেরি না করে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হয়। গণতন্ত্রে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও স্থান নেই এবং দোষীদের দ্রুত জবাবদিহি করতে হবে।’


We strongly condemn the brutal murder of Chandranath Rath in Madhyamgram tonight, along with the killing of three other TMC workers in incidents of post-poll violence allegedly carried out by BJP-backed miscreants over the last three days, despite the Model Code of Conduct being…
— All India Trinamool Congress (@AITCofficial) May 6, 2026
বুধবার রাতে বাইকে করে আসা দুষ্কৃতীরা চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চন্দ্রনাথের মৃত্যু হলেও গাড়ির চালক তথা শুভেন্দুর টিমের সদস্য বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার বাইপাস সংলগ্ন হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, পীযূষ কানোরিয়া সহ অনেক বিজেপি নেতাই। বিজেপি কর্মীদের দাবি, মধ্যমগ্রামে সদ্য ভোটে জেতা তৃণমূল নেতা তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী রথীন ঘোষের অনুগামীরাই এই খুনের নেপথ্যে রয়েছে। এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী, র্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ একটি শিলিগুড়ির নম্বরপ্লেট লাগানো সন্দেহভাজন গাড়ি বাজেয়াপ্ত করেছে, যা ভুয়ো বলে প্রাথমিক অনুমান। উদ্ধার হয়েছে বেশ কিছু কার্তুজ। রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন।

