জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনে জয়ের (WB Election Result 2026) পর মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে হামলার মুখে পড়লেন বিজেপি (BJP) কর্মী-সমর্থকরা। মঙ্গলবার জলপাইগুড়ির রংধামালী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। অভিযোগের তির খোদ জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের (Krishna Das) দিকে। এই ঘটনায় বর্তমানে ছয়জন বিজেপি কর্মী গুরুতর জখম অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলাকোবা এলাকার বেশ কিছু বিজেপি কর্মী-সমর্থক এদিন জয়ের আনন্দ ও মানত পূরণের উদ্দেশ্যে বোদাগঞ্জের ভামরি দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। অভিযোগ, রংধামালী এলাকায় পৌঁছাতেই তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস তাঁর বিশাল দলবল নিয়ে বিজেপি কর্মীদের রাস্তা আটকে দাঁড়ান। প্রত্যক্ষদর্শীদের দাবি, তৃণমূল প্রার্থীর সঙ্গীদের হাতে ধারালো অস্ত্র ও লাঠি ছিল।


বিজেপি কর্মীদের গাড়ি দেখামাত্রই কৃষ্ণ দাসের নেতৃত্বাধীন দলটি তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, রাস্তা থেকে টেনে নামিয়ে বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং বেধড়ক মারধর করা হয়। ঘটনার আকস্মিকতায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।
আক্রান্তদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে (Jalpaiguri Medical College) নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য কড়া নজরদারি চালানো হচ্ছে।
বিজেপির পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে প্রতিহিংসা চরিতার্থ করতেই তৃণমূল প্রার্থীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

