পতিরাম: ভাগ্যনির্ধারণের আর মাত্র কয়েক ঘণ্টা। রাজ্যের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগের দিন আধ্যাত্মিক পথেই হাঁটলেন তপন বিধানসভার বিজেপি প্রার্থী বুধরায় টুডু (Budharai Tudu Temple Visit)। রবিবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পতিরামের ঐতিহ্যবাহী বিদ্যেশ্বরী মন্দিরে পুজো দিলেন তিনি। মা বিদ্যেশ্বরীর আশীর্বাদ নিয়ে নিজের জয় এবং রাজ্যে পরিবর্তনের প্রার্থনা জানান এই বিজেপি নেতা।
এদিন সকাল থেকেই পতিরামের বিদ্যেশ্বরী মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথা মেনে পুজো দেন বুধরায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পতিরাম মন্ডল সভাপতি ছোটন চক্রবর্তী, বিজেপি নেতা বিশ্বনাথ সাহা সহ স্থানীয় একঝাঁক কর্মী-সমর্থক। পুজো শেষে মন্দির চত্বরেই কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী, যা গণনার আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে সাহায্য করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুধরায় টুডু বলেন, “মানুষের আশীর্বাদ এবং সমর্থন আমাদের সঙ্গে রয়েছে। আগামীকাল ফল প্রকাশে আমরা ইতিবাচক ফলের আশায় আছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের রায়ই শেষ কথা এবং সেই রায়কে সম্মান জানিয়েই আমরা এগিয়ে চলব।”
উল্লেখ্য, আগামীকাল রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলো। জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল এখন তুঙ্গে। এখন দেখার, মা বিদ্যেশ্বরীর আশীর্বাদ বুধরায় টুডুর জয়ের পথ কতটা প্রশস্ত করে।

