উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার হিন্দু মন্দিরে (Hindu temple) খলিস্তানি পতাকা হাতে সমর্থকদের সঙ্গে (Pro-Khalistan protest) শামিল হয়েছিলেন সেদেশেরই এক পুলিশ আধিকারিক (Canada Cop)। এবার সেই ঘটনা জানাজানি হতেই চাপের মুখে পড়ে পদক্ষেপ নিল ট্রুডোর সরকার। জানা গিয়েছে, হরিন্দর সোহি নামে ওই পুলিশ আধিকারিককে সাসপেন্ড (Suspended) করা হয়েছে। তিনি কানাডার পিল অঞ্চলে পুলিশের সার্জেন্ট পদে ছিলেন।
রবিবার ব্রাম্পটনের এক হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। অভিযোগ, পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে গেলেই খলিস্তানিরা তাঁদের উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয় তাঁদের। খলিস্তানিদের এই বিক্ষোভের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া খলিস্তানিরা ভারত বিরোধী স্লোগান তুলছেন। আর সেখানেই খলিস্তানি পতাকা হাতে দেখা গিয়েছে পুলিশ আধিকারিক হরিন্দর সোহিকে। যদিও সেই সময় তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। এই ভিডিও ছড়িয়ে পড়তেই চাপে পড়ে কানাডা পুলিশের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর ফুটেজ পুলিশ পেয়েছে। ভিডিওটিতে এক অফ-ডিউটি পুলিশ আধিকারিককে বিক্ষোভকারীদের সঙ্গে শামিল হতে দেখা গিয়েছে। অভিযুক্ত ওই আধিকারিককে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। সেদিন ওই মন্দির চত্বরে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’


প্রসঙ্গত, হিন্দু মন্দিরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে উল্লেখ করে সোমবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি কানাডার হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কূটনীতিকদের ভয় দেখানোর এই প্রচেষ্টা কাপুরুষোচিত। এই ধরনের হিংসা ভারতের সংকল্পকে কখনই দুর্বল করতে পারবে না।’ অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করা হয়েছে।

