উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাতে সময় খুব কম, অথচ চোটের পাহাড় সামনে। ২৪ মে থেকে শুরু হতে চলা ফরাসি ওপেনের আগে টেনিস বিশ্বে এখন একটাই বড় প্রশ্ন—গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) কি পারবেন কোর্টে নামতে? লাল সুরকির কোর্টে নামার আগে এই মুহূর্তে টেনিস তারকার প্রধান প্রতিপক্ষ কোনো খেলোয়াড় নয়, বরং তাঁর নিজের ডান হাতের কব্জি।
মাদ্রিদে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের চোট নিয়ে মুখ খুলেছেন এই স্প্যানিশ তারকা। দু’বারের ফরাসি ওপেন জয়ী আলকারাজের গলায় এখন লড়াইয়ের বদলে ধৈর্যের সুর। তিনি জানান: আগামী কয়েক দিনের মধ্যে মেডিকেল পরীক্ষা হবে। কোর্টে ফেরার জন্য সবরকম চেষ্টা করছেন তিনি, কিন্তু এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া উপায় নেই। রিপোর্টের পরেই বোঝা যাবে চোটের আসল গভীরতা ঠিক কতটা।


সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না আলকারাজের জন্য।
- মন্টে কার্লোর ব্যর্থতা: ইয়ানিক সিনারের (Jannik Sinner) কাছে হেরে বিশ্বের এক নম্বর জায়গা হারিয়েছেন তিনি।
- টানা নাম প্রত্যাহার: বার্সেলোনা (Barcelona) মাস্টার্সের প্রথম রাউন্ডে জয়ের পরেই কব্জির চোটে জর্জরিত হয়ে টুর্নামেন্ট ছাড়েন। এরপর ঘরের মাঠের মাদ্রিদ ওপেন থেকেও নাম তুলে নিতে বাধ্য হন তিনি।
গতবার ফরাসি ওপেনের ফাইনালে সিনারের বিরুদ্ধে সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন আজও ভক্তদের চোখে ভাসে। প্রথম দুই সেটে পিছিয়ে থেকেও ম্যাচ জেতা— আলকারাজ মানেই ছিল লড়াকু মানসিকতা। কিন্তু এবার তাঁর কব্জির চোট যদি না সারে, তবে টেনিস বিশ্ব এক হাই-ভোল্টেজ দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হতে পারে।
আলকারাজের হাতে এখন সময় কম। যদিও তিনি ইতিবাচক থাকার চেষ্টা করছেন। তাঁর কথায়, “সময় কম ঠিকই, কিন্তু আমি নেতিবাচক কিছু ভাবছি না। আশা করছি খেলতে পারব।”

