উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হেঁশেলে ফুলকপির রাজত্ব! মাছ, ডিমের ঝোল থেকে শুরু করে সবজি সবেতেই এক নম্বরে ফুলকপি। তবে অনেকে এমনও রয়েছেন ফুলকপি থেকে শতহস্ত দূরে থাকেন। এক্ষেত্রে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে এমন একটি স্ন্যাকস রাঁধলে, শীতকালীন সন্ধে জমে ক্ষীর।
ফুলকপির কাটলেট
উপকরণ: ফুলকপি- ১ টি মাঝারি আকারের, আলু- ২টি (মাঝারি আকারের, সেদ্ধ করা), ধনে পাতা- ২ টেবিল চামচ (কাটা),কাঁচা লংকা- ১-২টি (কুচি কুচি করে কাটা), আদা বাটা- ১ চা চামচ,নুন- স্বাদ অনুযায়ী,গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ, হলুদের গুঁড়ো- ১/২ চা চামচ, চাট মশলা- ১/২ চা চামচ, ময়দা- ২ টেবিল চামচ (বা প্রয়োজন মত), পাউরুটির গুঁড়ো- প্রয়োজন মতো (কাটলেটের বাইরের অংশের জন্য), তেল- ভাজার জন্য।
পদ্ধতি: ফুলকপি ধুয়ে কেটে ভালো করে সেদ্ধ করে নিন। একটি পাত্রে ফুলকপি সেদ্ধ, সেদ্ধ আলু, ধনে পাতা, কাঁচা লংকা, আদা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবং চাট মশলা মিশিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি হাত দিয়ে ভালো করে মাখিয়ে, ছোট ছোট বল তৈরি করুন এবং এগুলিকে চাপিয়ে কাটলেটের আকার দিন। একটি প্লেটে ময়দা ছড়িয়ে দিন এবং কাটলেটগুলি ময়দায় ভালভাবে ঘুরিয়ে নিন। এরপর পাউরুটির গুঁড়োতে ঢেলে গড়িয়ে নিন। একটি প্যানে তেল গরম করে, কাটলেটগুলি সোনালি রং আসা পর্যন্ত ভাজুন। ভাজা কাটলেটটি কিচেন টাওয়েলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। এবার গরম গরম ফুলকপির কাটলেট পরিবেশন করুন।

