উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সিবিআই-এর (CBI) একটি দল হাজির হয় আরজি কর হাসপাতালের মর্গে। এদিন আরজি করে (R G Kar Hospital) এসে তাঁরা সোজা চলে যান হাসপাতালের মৃতদেহ সংরক্ষণের বিভাগে। সেখানেই বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করেন। সূত্রের খবর, আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থেই গোয়েন্দার পৌঁছেছেন মর্গে।
এদিন ফের একবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। একদিকে যখন সন্দীপকে জেরা করা হচ্ছে, ঠিক তখনই আরজি করে পৌঁছয় সিবিআইয়ের টিম। সিবিআই সূত্রে খবর, গোয়েন্দার আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে হাসপাতালের মর্গে গিয়েছেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে হাসপাতালের জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে সন্দীপ ঘনিষ্ঠ আরজি করের ফরন্সিকের শিক্ষক দেবাশিস সোমেরও।
উল্লেখ্য, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে। এই অভিযোগ এনেছেন সন্দীপদেরই প্রাক্তন সহকর্মী তথা আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। অভিযোগের সূত্র ধরে একাধিকবার সিজিওতে এবং নিজাম প্যালেসে দেবাশিস সোমকে জেরা করেছে সিবিআই। এরপর অভিযোগের তল খুঁজে পেতে বৃহস্পতিবার সকালে মর্গে পৌঁছন সিবিআই গোয়েন্দারা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা এই মারাত্মক অভিযোগের কিনারা করতে কোনও ক্সুর রাখছে না সিবিআই।

