ফাঁসিদেওয়া: ২০২৬ সালের সিবিএসই (CBSE) দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হতেই খুশির হাওয়া শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকায়। ফাঁসিদেওয়ার বিধাননগর (Bidhannagar News) স্থিত অলিভিয়া এনলাইটেন্ড ইংলিশ স্কুলের ছাত্রী মৌপিয়া সরকার (CBSE Success of Moupia) ৯৯.৪ শতাংশ নম্বর পেয়ে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সাফল্যের কথা তুলে ধরে স্কুল কর্তৃপক্ষ।
এ বছর সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মোট ১১০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবং সাফল্যের হার ১০০ শতাংশ। মৌপিয়া সরকারের অভূতপূর্ব নম্বর ছাড়াও বিদ্যালয়ের ফলাফল সামগ্রিকভাবে বেশ ঈর্ষণীয়। স্কুলের ১২ জন শিক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এছাড়া ৩০ জন শিক্ষার্থী ৮০ শতাংশ এবং ৩৩ জন ৭০ শতাংশের বেশি নম্বর অর্জন করেছে।


নিজের এই দুর্দান্ত ফলাফলের নেপথ্যে বিদ্যালয়ের ‘সংকল্প’ নামক বিশেষ প্রকল্পের অবদানের কথা জানিয়েছে মৌপিয়া। সে জানায়, বিদ্যালয়ের শিক্ষকদের গাইডেন্স এবং বাবা-মায়ের অনুপ্রেরণায় এই সাফল্য এসেছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত স্কুলের তৈরি করা ওয়ার্কশিট প্র্যাকটিস করত সে। বিশেষ করে গণিত এবং ভৌতবিজ্ঞানের কঠিন সমস্যাগুলো নিয়ে শিক্ষকদের সঙ্গে নিয়মিত আলোচনা তাকে সাহায্য করেছে। মৌপিয়ার বাবা দেবব্রত সরকার ও মা রিতা সরকার মেয়ের এই কৃতিত্বে বিদ্যালয়ের নিরলস প্রচেষ্টাকেই কৃতিত্ব দিয়েছেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ডিন মল্লিক চৌধুরী, চেয়ারম্যান তপন ঘোষ, ডিরেক্টর সুতপা নন্দী এবং প্রিন্সিপাল অম্বালিকা গহতরাজ। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, তাঁদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের কেবল মুখস্থ করানো নয়, বরং তাদের বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ানো। উচ্চমাধ্যমিক স্তরেও শিক্ষার্থীরা যাতে নিজেদের ভবিষ্যৎ এবং কর্মজীবন নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যেই নিয়মিত কাজ করা হচ্ছে।

