চ্যাংরাবান্ধা: ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় শনিবার ভোররাতে চ্যাংরাবান্ধা (Changrabandha) বাইপাস সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল (Accident)। ভুটান থেকে পাথর বোঝাই করে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়ে গেলেও বরাত জোরে রক্ষা পান দুই চালক অভয় পান্ডে ও সঞ্জিত রায়।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে চ্যাংরাবান্ধা স্বাস্থ্য কেন্দ্র ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Hospital) পাঠানো হয়। আহত চালকদের মতে, কুয়াশার মধ্যে একটি ডাম্পারকে পাশ দিতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
এদিকে, হাইওয়েতে আলোর অভাব ও ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মেখলিগঞ্জ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রেলারটি পালিয়ে যাওয়ায় সেটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

