নিতাই সাহা, শিলিগুড়ি: হঠাৎ করেই বেড়েছে পোলট্রি মুরগির দাম (Chicken Price Hike Siliguri)। এর জেরে পোলট্রি মুরগির মাংস কিনতে গিয়ে বেশ কিছুটা বেশি টাকা খরচ করতে হচ্ছে আমজনতাকে। তথ্য অনুযায়ী, পয়লা বৈশাখের পর থেকে শিলিগুড়িতে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসের দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই কথা, ‘এভাবে দাম বাড়লে খাব কী?’
রবিবার শিলিগুড়ির (Siliguri) ফুলেশ্বরী বাজারে এসে মুরগির মাংসের দাম বাড়া নিয়ে কিছুটা ক্ষোভ উগরে দিলেন শহরের বাসিন্দা সঞ্জয় রায়। তাঁর কথায়, ‘প্রতিদিনই কিছু না কিছু জিনিসের দাম বেড়েই চলেছে। এই তো ক’দিন আগে হঠাৎ করেই শুনলাম চিকেনের দাম বেড়ে গিয়েছে। এখন তো চিকেন কিনতে গেলে বাড়তি ১০ থেকে ১৫ টাকা খরচ করতে হচ্ছে। এভাবেই যদি সবকিছুর দাম বাড়তে থাকে তাহলে আমরা মধ্যবিত্তরা কী করব বলতে পারেন?’


তবে একথা শুধু সঞ্জয়ের একার নয়, শিলিগুড়ি শহরের খাদ্যরসিক প্রতিটি মানুষের মুখে মুখে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নিত্যনৈমিত্তিক বিভিন্ন সামগ্রীর পাশাপাশি পোলট্রি মুরগির দাম বৃদ্ধিতে কমবেশি সকলেই বিব্রত। এই পরিস্থিতিতে দাম কমার অপেক্ষায় প্রহর গুনছেন অনেকে। যদিও ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের তরফে দাম কমার বদলে নতুন করে মূল্যবৃদ্ধির অশনিসংকেত দেওয়া হচ্ছে।
শিলিগুড়ির খোলা বাজারে বর্তমান সময়ে গোটা পোলট্রি মুরগি বিকোচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা প্রতি কেজিতে। পোলট্রি মুরগির মাংসের দাম ২৫০ থেকে ২৭০ টাকা প্রতি কেজি। ব্যবসায়ীরা জানাচ্ছেন, পয়লা বৈশাখের পরপরই এমন মূল্যবৃদ্ধি হয়েছে। ব্যবসায়ীদের একাংশের কথায়, আমদানি তুলনামূলকভাবে কম হওয়ার জেরেই দাম বেড়েছে। কিন্তু হঠাৎ আমদানি কমল কেন? নেপথ্যে অবশ্য একাধিক কারণ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম হল, আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে পোলট্রি মুরগির বৃদ্ধি অস্বাভাবিকভাবে থমকে যাওয়া। সেইসঙ্গে এই আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে না পেরে পোলট্রি মুরগির মৃত্যু অনেক বেড়ে গিয়েছে বলে খবর। একাধিক কারণে বর্তমান সময়ে উৎপাদনে ঘাটতি দেখা দিতে শুরু করেছে। আর ঠিক সেই কারণেই বাংলা বছরের প্রথম দিক থেকেই পোলট্রি মুরগির দাম ঊর্ধ্বমুখী।
এদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন, আমদানি স্বাভাবিক না হলে ফের একবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। একলাফে আরও ১৫ থেকে ২০ টাকা দাম বাড়তে পারে। বিধান মার্কেটের মাংস ব্যবসায়ী উত্তম সাহা বললেন, ‘আবহাওয়ার জেরে উৎপাদনে যথেষ্টই ঘাটতি দেখা দিয়েছে। তার জেরে খানিকটা দাম বেড়ে গিয়েছে।’ সুভাষপল্লি বাজারের ব্যবসায়ী সঞ্জিত পালের কথায়, ‘বর্তমান সময়ে স্বাভাবিকের থেকে কিছুটা দাম বেশি রয়েছে। চাহিদা অনুসারে আমদানি না থাকার কারণেই এই মূল্যবৃদ্ধি।’ ফুলেশ্বরী বাজার এলাকার ব্যবসায়ী মানিক সাহাও একই কথা জানিয়েছেন।
ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের রেট কমিটির সহকারী সম্পাদক তন্ময় সাহার বক্তব্য, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে পোলট্রি মুরগির বৃদ্ধি অস্বাভাবিকভাবে কমেছে। সেইসঙ্গে মৃত্যুর ঘটনাও ঘটছে। এসব কারণের জেরেই উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। ফলে খোলা বাজারে দাম খানিকটা বেড়েছে। আগামীতে আরও একবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।’

