Chopra | চোপড়ায় ‘যুবসাথী’ প্রকল্পে গরমিলের অভিযোগ! বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ আবেদনকারীদের

শেষ আপডেট:

চোপড়া: পশ্চিমবঙ্গ সরকারের নতুন বেকার ভাতা প্রকল্প ‘বাংলার যুবসাথী’ (Banglar Yuba Sathi) ঘিরে চরম উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের চোপড়ায়। সোমবার এই প্রকল্পে আবেদনের পর টাকা না পাওয়ার অভিযোগ তুলে বিডিও অফিস ঘেরাও করেন শতাধিক ক্ষুব্ধ যুবক-যুবতী। দিনভর বিডিও অফিসের সামনে বিক্ষোভ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চোপড়া ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অফলাইনে মোট ২৪,০৪০ জন বেকার যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন জমা দিয়েছেন। আবেদনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলেও অনেকেরই অ্যাকাউন্টে এখনও প্রকল্পের ১৫০০ টাকা ঢোকেনি।

সোমবার সকাল থেকেই বিডিও অফিসের সামনে ভিড় বাড়তে থাকে। শতাধিক আবেদনকারী বিডিও অফিসের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চোপড়া থানার আইসি মনোজিৎ দাস এবং বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে আটটি গ্রাম পঞ্চায়েত থেকে আটজন প্রতিনিধিকে বিডিওর সঙ্গে কথা বলার জন্য ভেতরে ডাকা হয়।

চোপড়ার বিডিও সৌরভ মাজির সঙ্গে আলোচনার পর বিক্ষোভকারীরা শান্ত হন। বিডিও জানিয়েছেন, আবেদনকারীদের মৌখিক অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে উঠে আসা প্রাথমিক কারণ:
• অফলাইন আবেদনের আধিক্য: বিপুল পরিমাণ আবেদনপত্র হাতে কলমে পরীক্ষা করা সময়সাপেক্ষ ছিল।
• স্ক্রুটিনিতে ত্রুটি: অভিযোগ উঠেছে, গ্রাম পঞ্চায়েত কর্মীদের মাধ্যমে করা এই স্ক্রুটিনি পর্ব সম্পূর্ণ হওয়ার আগেই টাকা বিলি শুরু হয়ে যাওয়ায় এই বিপত্তি দেখা দিয়েছে।

বিডিও সৌরভ মাজি বলেন, ‘আবেদনকারীদের একাংশ এদিন মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’ বিডিও-র আশ্বাসে বিকেল নাগাদ বিক্ষোভ তুলে নিয়ে বাড়ি ফিরে যান আবেদনকারীরা।

Share post:

Popular

More like this
Related

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

West Bengal Election 2026 | মালতীপুরে মৌসম নুর হেভিওয়েট প্রচার, ভাকরি অঞ্চলে কংগ্রেস প্রার্থীর রোড-শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

সামসী: ভোটের রণডঙ্কা বাজতেই মালতীপুর বিধানসভা (Malatipur Assembly) কেন্দ্রে...