চোপড়া: উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) চোপড়া (Chopra) থানার লালবাজার এলাকায় রবিবার গভীর রাতে একটি আইসক্রিম কারখানায় (Ice Cream Factory) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শর্ট সার্কিট বা বজ্রপাত থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা। কারখানার মালিক বিশ্বজিৎ বিশ্বাস জানান, রাতে সকলে ঘুমিয়ে থাকাকালীন আচমকাই আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। মালিকপক্ষের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৭০ থেকে ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

