উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ হল কড়াই আর তাওয়া। তবে রোজকার আগুনের আঁচ আর তেল-মশলার ধোঁয়ায় খুব দ্রুত বাসনের নীচে জেদি কালো আস্তরণ পড়ে যায়। এই কালচে দাগ সাধারণ সাবানে তোলা প্রায় অসম্ভব। অনেকেই এই দাগ তুলতে ঘণ্টার পর ঘণ্টা ঘষাঘষি করেন বা বাজারচলতি রাসায়নিক ব্যবহার করেন। অথচ ঘরোয়া উপায়ে কোনও বাড়তি পরিশ্রম ছাড়াই এই বাসনগুলো ফেরানো সম্ভব আগের অবস্থায় (Easy Tips)।
গরম জল ও ডিটারজেন্ট: ফুটন্ত গরম জলে ডিটারজেন্ট মিশিয়ে কড়াইয়ের পেছনের অংশ ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। তাপ ও ডিটারজেন্টের প্রভাবে শক্ত আস্তরণ আলগা হয়ে আসবে।
তেঁতুলের ম্যাজিক: পুরোনো দাগের জন্য তেঁতুলের ক্বাথ অব্যর্থ। পোড়া অংশে তেঁতুল জল মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। এর টকভাব আস্তরণটিকে সহজেই তুলে আনে।
বেকিং সোডা ও ভিনিগার: পোড়া দাগের ওপর বেকিং সোডা ছড়িয়ে তার ওপর ভিনিগার ঢেলে দিন। দেখবেন ময়লা নরম হয়ে আসবে। ১৫ মিনিট পর আলতো ঘষলেই কড়াই পরিষ্কার হয়ে যাবে।
ডিশওয়াশ ও সোডার পেস্ট: তেল-চিটচিটে দাগ সরাতে ডিশওয়াশ লিকুইড ও বেকিং সোডার মিশ্রণ ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে পুরোনো বাসনও নতুনের মতো জেল্লা ফিরে পাবে।
লেবু ও নুনের ব্যবহার: লেবুর টুকরোয় নুন মাখিয়ে কালো অংশে ঘষুন। লেবুর অ্যাসিডিক গুণ আর নুনের ঘর্ষণ খুব দ্রুত কালচেভাব দূর করে।

