উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বদলের পর বদল। শেষ পর্যন্ত ধস বিধ্বস্ত মিরিকে (Mirik) গিয়ে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে এসে সোমবার নাগারাকাটায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর রাতে মুখ্যমন্ত্রী চলে যান কার্সিয়াং। সেখান থেকে মঙ্গলবার মিরিক যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে বদল হয়। ঠিক হয় সুখিয়াপোখরি বিডিও অফিসে ত্রাণ বণ্টনের কাজ তদারকি করবেন মমতা। কথা বলবেন আধিকারিকদের সঙ্গে। সেইমতো সেখানে আনা হয় মিরিকের ধস দুর্গত পরিবারগুলির সদস্যদের।
এরপর মঙ্গলবার দুপুরে হঠাৎই পরিকল্পনা বদলে মিরিকের দিকে রওনা হয় মুখ্যমন্ত্রীর কনভয়। সোজা মিরিকে গিয়ে দুর্গত এলাকাগুলি ঘুরে দেখন মুখ্যমন্ত্রী। কথা বলেন দুর্গত পরিবারগুলির সঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও পুনর্বাসনের কাজ কতটা এগিয়েছে তার তদারকি করেন। এরপর সেখান থেকে সুখিয়াপোখরিতে আসার কথা রয়েছে মমতার। সেখানে দুর্গতদের ত্রাণবিলির পর আজকের মতো দার্জিলিংয়ে (Darjeeling) ফিরে রাত্রিবাস করবেন। বুধবার দার্জিলিং ও কালিম্পং জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক বিপর্যয়ে পাহাড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বৈঠকে তা নিয়ে রিপোর্ট দেওয়ার কথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-এর। এরপর বুধবার দার্জিলিংয়ে কাটিয়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে উত্তরকন্যায় পৌঁছোবেন মুখ্যমন্ত্রী।

