উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি (Siliguri)-তে প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) নামে ক্রিকেট স্টেডিয়াম করা হবে। সোমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চাঁদমনিতে ২৭ একর জমিতে এই স্টেডিয়াম হবে বলে জানানো হয়েছে। শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে সম্মানিত করে সিএবি ও রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন উত্তরবঙ্গ সফরে এসে এমনটা জানান মুখ্যমন্ত্রী।
প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলা। পুজোর কার্নিভাল শেষ করেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দেন। অল্প সময়ের মধ্যে আবারও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন তিনি। এদিন ফের উত্তরবঙ্গ সফরে আসেন। এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হন মমতা। বলেন, ‘উত্তরবঙ্গে বিপর্যয়ের পর এক পয়সাও কেউ দিয়েছে? কেউ এসেছে? বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই’। তিনি বলেন, ‘দার্জিলিংয়ে বিপর্যয়, এক পয়সাও দেয়নি কেন্দ্র।’ তিস্তাকে বাঁচাতে কেন্দ্র কোনো উদ্যোগ নেয়নি বলেও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘তিস্তাকে আটকে দিয়েছে, এটা সামাজিক অপরাধ নয়?’। মুখ্যমন্ত্রী বলেন, ‘সিকিমের জল বাংলায় চলে আসছে।’ বিপর্যয়ের টাকা বিপর্যয়েই খরচ হয় বলে জানান মুখ্যমন্ত্রী।

