উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার তাঁর পূর্বনির্ধারিত দিল্লি সফর (Delhi Visit) একদিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রশাসনিক সূত্রে খবর, সিঙ্গুরের সভা শেষ করে সরাসরি দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু জাতীয় রাজনীতির এই দুঃসংবাদে সফরসূচি বদলে ফেলেছেন মুখ্যমন্ত্রী।
সিঙ্গুর থেকেই সফর স্থগিতের সিদ্ধান্ত
বুধবার সিঙ্গুরে একটি প্রশাসনিক সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিকল্পনা ছিল, সভা শেষে সেখান থেকেই তিনি দিল্লির বিমান ধরবেন। কিন্তু বুধবার সকালে মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে লিয়ারজেট ৪৫ মডেলের একটি ব্যক্তিগত বিমানে দুর্ঘটনায় অজিত পাওয়ারের (Ajit Pawar News) মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমে আসে জাতীয় রাজনীতিতে। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লিতে যাওয়ার পরিবেশ নেই। সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি দিল্লির উদ্দেশে রওনা দিতে পারেন।
দিল্লি সফরের প্রেক্ষাপট ও এসআইআর বিতর্ক
রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৃণমূল নেত্রী শুরু থেকেই অত্যন্ত সরব। তাঁর অভিযোগ, তালিকার নাম বাদ দিয়ে বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে। শোনা যাচ্ছিল, এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে পারেন তিনি।
কী ঘটেছিল বারামতীতে?
বুধবার সকালে মুম্বই থেকে ওড়ার প্রায় এক ঘণ্টা পর অবতরণের সময় বারামতীতে ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমানটি। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত হয় বিমানটি। দুর্ঘটনায় অজিত পাওয়ারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সব পক্ষই। এই পরিস্থিতিতে অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের রাজনৈতিক কর্মসূচি একদিন পিছিয়ে দিলেন মমতা।

