উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে পূর্ব মেদিনীপুর মানেই এখন সম্মুখ সমর। মঙ্গলবার হলদিয়ার (Haldia) নির্বাচনি জনসভা থেকে সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই জেলাকে ‘গদ্দারদের’ হাত থেকে বাঁচাতে সব আসনে জোড়াফুলে ভোট দেওয়ার ডাক দিলেন তিনি। সেই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, “কাকে কাকে অ্যারেস্ট করতে হবে, সেই গদ্দার লিস্ট তৈরি করে রেখেছে বিজেপি।”
বিজেপির দুর্নীতি অভিযোগের পাল্টা জবাবে মমতা এদিন হলদিয়ার ‘তোলাবাজি’ নিয়ে সরব হন। তাঁর প্রশ্ন, “হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের কাটমানি কে খায়? যত কোম্পানি আছে, তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে?” মমতার দাবি, একজনই সব টাকা তোলে এবং তার অর্ধেক বাইরের নেতাকে পাঠায়। তিনি বলেন, “আগে নিজেকে সামলাও, ভোটের পরে অনেক কেলেঙ্কারি সামনে আসবে।”


গত বিধানসভা নির্বাচনে (West Bengal Election 2026) নন্দীগ্রামের পরাজয় যে তিনি ভোলেননি, তা এদিনও পরিষ্কার করে দেন মমতা। রাতের অন্ধকারে লোডশেডিং করে ইভিএম মেশিন এবং কাউন্টিং লুট করার অভিযোগ তোলেন তিনি। এবার যাতে তেমনটা না হয়, সেজন্য কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “কেউ যদি দুষ্টুমি করে, তবে তাদের নাম-ঠিকানা, ফোন নম্বর আর ছবি তুলে রাখবেন।”
শিল্প ও কৃষিকে ‘দুই ভাই-বোন’ হিসেবে উল্লেখ করে মমতা হলদিয়ার উন্নয়নের দীর্ঘ তালিকা তুলে ধরেন। তিনি জানান, হলদিয়ায় ৫০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে এবং ১ লক্ষ ২০ হাজারের বেশি মানুষ চাকরি করেন। সব বড় বিনিয়োগই তাঁর সরকারের সময় এসেছে। তাজপুর পোর্ট এবং নন্দীগ্রামে জাহাজ কারখানা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
শেষে মাতঙ্গিনী হাজরা ও বিদ্যাসাগরের মাটিকে কলঙ্কিত করার অভিযোগ তুলে বিজেপিকে বিঁধেছেন মমতা। তাঁর সাফ কথা, এই জেলা বিদ্যাসাগরের, এখানে কোনো বিভাজনের জায়গা নেই।

