উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হয়েছে রবিবার। আর এই আবহে সোমবারই রান্নার গ্যাসের সংকট আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কলেজ স্কোয়্যার থেকে হেঁটে ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে পৌঁছেই এদিন গ্যাসের সংকট নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। তাঁর সরাসরি অভিযোগ, চালাকি করে গ্যাসের কৃত্রিম সংকট (LPG crisis) তৈরি করেছে বিজেপি (BJP)।
এদিন শুরুতেই মমতা বলেন, ‘এই মিছিল আগে থেকেই ঠিক করা ছিল। কারণ, গ্যাসের দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি। চালাকি করে কৃত্রিম সংকট তৈরি করেছে কেন্দ্র। আমি গ্যাস কোম্পানিগুলির সঙ্গে মিটিং করে জেনেছি কোনও সংকট নেই। তাই সার্ভার ওপেন করুন।’ বিজেপিকে বিঁধে তিনি আরও বলেন, ‘ভরসা রাখুন, আস্থা রাখুন। কোনও প্ররোচনায় পা দেবেন না। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে কিন্তু গ্যাস পাচ্ছে না। নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়।’
এখানেই থামেননি মমতা। এরপরই তিনি বলেন, ‘গ্যাস নিয়ে রাজনীতি করছে বিজেপি। ব্রিগেড ভরাতে ক্যাশ দিচ্ছে। কিন্তু ক্যাশ দিয়ে লাভ নেই। গ্যাস দিন মানুষকে। এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। নোটবন্দিতে লাইন, এসআইআরে লাইন, গ্যাসের জন্য লাইন। আর কত লাইন দেবে মানুষ?’

