উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজকাল বয়স কোনও বাধা নয়, বরং অল্প বয়সেই থাবা বসাচ্ছে হাঁটুর যন্ত্রণা (Knee Pain)। দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করা আর অনিয়মিত জীবনযাত্রার ফলে অকালেই পঙ্গু হতে চলেছে তরুণ প্রজন্ম। চিকিৎসকদের মতে, রোজকার জীবনের কিছু ভুল অভ্যাসই বাড়িয়ে দিচ্ছে এই দুর্ভোগ।
কেন বাড়ছে সমস্যা?


মূলত শরীরচর্চার অভাব এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই এর প্রধান কারণ। বাইরের তেল-মশলাযুক্ত খাবারের প্রতি ঝোঁক শরীরের ওজনের পাশাপাশি হাড়ের সন্ধিস্থলের ওপর চাপ বাড়াচ্ছে। দীর্ঘ সময় একভাবে বসে থাকায় হাঁটুর পেশি নমনীয়তা হারাচ্ছে।
হাঁটুর ব্যথা থাকলে যে ৫টি অভ্যাস আপনাকে এখনই বদলাতে হবে:
মুঠো মুঠো পেইনকিলার: ব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘনঘন বেদনানাশক ওষুধ খাবেন না। এটি সাময়িকভাবে আরাম দিলেও দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির ক্ষতি করে।
খাদ্যাভ্যাসে লাগাম: চিনি, প্রক্রিয়াজাত খাবার (Processed Food), রেড মিট এবং ট্রান্স ফ্যাট হাড়ের প্রদাহ বাড়ায়। মদ্যপান থেকেও বিরত থাকতে হবে।
ব্যায়াম বন্ধ করা: ব্যথা হলে অনেকেই পুরোপুরি চলাফেরা বা শরীরচর্চা বন্ধ করে দেন, যা ভুল। চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিটনেস বিশেষজ্ঞের নজরদারিতে হালকা স্ট্রেচিং বা যোগব্যায়াম চালিয়ে যেতে হবে।
ভুল জুতো নির্বাচন: জুতোর সুখতলা ঠিক না থাকলে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই উঁচু হিল বা শক্ত তলার জুতো এড়িয়ে নরম ও আরামদায়ক জুতো বেছে নিন।
ভুল বসার ভঙ্গি: হাঁটু মুড়ে বা বাবু হয়ে বসার অভ্যাস ত্যাগ করুন। যতটা সম্ভব পা ছড়িয়ে বা চেয়ারে পা ঝুলিয়ে আরামদায়কভাবে বসার চেষ্টা করুন।
হাঁটুর ব্যথা একবার জেঁকে বসলে তা থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন। তাই ৩০ পেরোনোর আগেই সতর্ক হোন। সঠিক ডায়েট আর নিয়মিত নড়াচড়াই পারে আপনার হাঁটু দুটির আয়ু বাড়িয়ে দিতে। মনে রাখবেন, আজকের অবহেলাই কিন্তু আগামীর পঙ্গুত্বের কারণ হতে পারে।

