উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা। মসজিদে নামাজ পড়ে বেরোনোর সময় দুষ্কৃতী হামলার শিকার হলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের (Congress) সহ-সভাপতি তথা বরিষ্ঠ নেতা হিদায়াতুল্লা প্যাটেল (Congress vice-president Hidayat Patel)। এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর জখম হওয়ার পর বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই ২২ বছর বয়সি এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ অকোলা জেলার অকোট এলাকার মোহালা গ্রামের জামা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ৬৬ বছর বয়সি হিদায়াতুল্লা প্যাটেল। নামাজ সেরে মসজিদ থেকে বেরোনোর সময়ই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় এক দুষ্কৃতী। অভিযোগ, কংগ্রেস নেতার ঘাড় ও বুকে এলোপাথাড়ি ছুরির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বুধবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে রক্তাক্ত অবস্থায় প্রবীণ এই নেতাকে মসজিদ থেকে বের করে আনতে দেখা যাচ্ছে।
হামলার খবর পেয়েই দ্রুত তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ উবেদ খান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে যে, ধৃত যুবক উবেদ ওই নেতার পরিচিত ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কোনো কারণ নয়, বরং পুরনো ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা চালিয়েছে অভিযুক্ত। উবেদের বিরুদ্ধে খুনের মামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই নেতার পরিবারের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
হিদায়াতুল্লা প্যাটেল অকোলা জেলায় কংগ্রেসের অত্যন্ত প্রভাবশালী ও অভিজ্ঞ মুখ ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি অকোলা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। সামনেই পুরসভা নির্বাচন, তার আগে এমন একজন বরিষ্ঠ নেতার হত্যাকাণ্ডে মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে বড়সড় শোরগোল পড়ে গিয়েছে। শোকের ছায়া নেমে এসেছে মারাঠা রাজনীতির অন্দরে।

