উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিহার বিধানসভা নির্বাচনে দলের বিপর্যয়ে মুখ লুকানোর উপায় নেই কংগ্রেসের। নীতীশ-মোদির কাছে শোচনীয় হারের পর থেকেই বেপাত্তা মহাগঠবন্ধনের অন্যতম নেতা রাহুল গান্ধি। ৬১টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৬টি আসন। দলের ভরাডুবির পর থেকে আর দেখা যাচ্ছে না বিরোধী দলনেতাকে। এখনও পর্যন্ত তিনি হারের কারণ নিয়ে বিবৃতি দেননি সংবাদমাধ্যমে। দলের ভরাডুবি, মহাজোটের বিপর্যয়ের পরে রাহুল গান্ধি কোথায়? যা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে।
এদিন সকালেই রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে ট্যুইট করে জন্মদিনে শ্রদ্ধা জানান দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। আর তারপর থেকে আর খোঁজ নেই রাহুলের। তাঁর নীরবতায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই তামাশা করে লিখেছেন, বিহার বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবি সহ্য করতে না পেরে গোপনে বিদেশে পালিয়ে গিয়েছেন রাহুল। আবার অনেকে রাহুলের বিদেশযাত্রার একটি ভিডিও পোস্ট করে গুজব ছড়িয়েছেন, ভাগ্নি মিরায়ার (প্রিয়ঙ্কা গান্ধির মেয়ে) সঙ্গে লন্ডনের হিথরো বিমানবন্দরে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে।
ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্নের বন্যা বয়ে যাচ্ছে, রাহুল গান্ধি কোথায়? কেন তিনি দলের ভরাডুবি নিয়ে বিবৃতি দিচ্ছেন না। অগাস্টে রাহুল বিহার জুড়ে ভোটাধিকার যাত্রা করেছিলেন। সেটা শেষ হওয়ার প্রায় দুমাস তাঁকে আর ভোটের প্রচারে দেখা যায়নি। সাসারামে বিশাল জনসমাবেশের মাধ্যমে যাত্রা শুরু হলেও সেই সমর্থন ভোট মেশিনে কোনও প্রভাব ফেলেনি। ২৫টি জেলার ১১০টি বিধানসভা ক্ষেত্রের উপর দিয়ে এই যাত্রাপথ ছিল ১৩০০ কিমির। অথচ, এই কর্মসূচি এরকেবারেই বিফলে গিয়েছে। যা গনণার শেষে পরিসংখ্যান বলছে। জোটধর্ম বজায় রেখে ৬১টি আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসনে। ফলে, এককথায় বলা যায় বিহারের মাটিতে রাহুলের কংগ্রেস একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে।

