খড়িবাড়ি: জন্মমৃত্যুর জাল শংসাপত্রের পর এবার জাল উত্তরাধিকার শংসাপত্র ইস্যুর (Fake Succession Certificate) সঙ্গে নাম জড়াল খড়িবাড়ির (Khoribari)। অভিযোগ, অন্যকে বাবা হিসেবে দেখিয়ে খড়িবাড়ির রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে জাল উত্তরাধিকার শংসাপত্র ইস্যু করা হয়েছে।
জানা গিয়েছে, খড়িবাড়ির শ্যামধন জোতের বাসিন্দা স্বর্গীয় দশরথ মণ্ডলকে বাবা হিসেবে দেখিয়ে জাল উত্তরাধিকার শংসাপত্র তৈরি করেছেন রেখা সরকার ও মায়া মণ্ডল নামে দুই মহিলা। আর এই শংসাপত্র দিয়ে দশরথ মণ্ডলের নামে থাকা জমি বিক্রির ষড়যন্ত্র করা হচ্ছে বলেই অনুমান তাঁর ছেলে সুভাষ মণ্ডলের।


সুভাষের অভিযোগ, সম্প্রতি তিনি জানতে পারেন রানিগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের জামাতুল্লা ও পশ্চিম বদরাজতের বাসিন্দা রেখা সরকার ও মায়া মণ্ডল পঞ্চায়েত সদস্যের সুপারিশে প্রধানের কাছ থেকে উত্তরাধিকার শংসাপত্র পেয়েছেন। আর এরপরই জাল উত্তরাধিকার শংসাপত্র ইস্যু করা নিয়ে গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
এদিকে, এই অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেন রানিগঞ্জ পঞ্চায়েত প্রধান সান্তনা সিংহ। তিনি উভয়পক্ষকে নিয়ে বৈঠকের ডাক দিলেও অভিযুক্ত রেখা ও মায়া উপস্থিত হননি বলে অভিযোগ। আগামী বুধবার ফের বৈঠকের ডাক দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, উত্তরাধিকার শংসাপত্র পেতে হলে প্রথমে আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েত সদস্যের কাছে নথিপত্র দিতে হয়। তা খতিয়ে দেখেই পঞ্চায়েত সদস্য সেই সুপারিশ প্রধানকে দেন এবং প্রধান শংসাপত্র প্রদান করেন। এক্ষেত্রে কীভাবে এই জাল শংসাপত্র ইস্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এনিয়ে পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। অন্যদিকে রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান সান্তনা সিংহ বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসার পরই তদন্ত শুরু করেছি।’

