কোচবিহার: মাদ্রাসার পাশে বোমা উদ্ধারের ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল। বুধবার কোচবিহার (Cooch Behar Bomb Recovery) শহর সংলগ্ন গুড়িয়াহাটি-২ গ্রাম পঞ্চায়েতের নেহরুনগর এলাকায় ঘটনাটি ঘটে। সরকারি মডেল মাদ্রাসার ঠিক পাশেই এই বোমা উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠছে।
এদিন নেহরুনগর এলাকায় একটি সিমেন্টের দোকানের প্রবেশপথের পাশে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ক্যারিব্যাগে বোমা উদ্ধার (Bomb Recovered) হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে যায়। মাদ্রাসার পড়ুয়া ও শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ—প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ (Police) গিয়ে অতি সাবধানে বোমাটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেই সময় মাদ্রাসায় ক্লাস চলছিল। কোনোভাবে যদি বিস্ফোরণ ঘটত, তবে বড়সড়ো বিপর্যয় হতে পারত বলে আশঙ্কা করছেন অনেকে। পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে জনবহুল এই এলাকায় বোমাটি রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা উৎপল দাস জানান, “এর আগে আমাদের এলাকায় কখনো এই ধরণের ঘটনা ঘটেনি।” ভোটের আবহে কোচবিহারে এই বোমা উদ্ধারের ঘটনা কোনো গভীর ষড়যন্ত্রের অংশ কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

