নিশিগঞ্জ: বিধানসভা নির্বাচনের (WB Election 2026) ফলপ্রকাশের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কোমর বেঁধে ময়দানে নামল পুলিশ (Police) ও প্রশাসন। শনিবার কোচবিহার জেলার পুলিশ সুপার যশপ্রীত সিংহের নেতৃত্বে মাথাভাঙ্গা (Mathabhanga) মহকুমার বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মাথাভাঙ্গা শহর এবং নিশিগঞ্জ সহ মহকুমার একাধিক এলাকায় এই রুটমার্চ চলে। রুটমার্চ চলাকালীন পুলিশ সুপার নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং অভয় দেন। ৪ মে ফল ঘোষণার দিন কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। মূলত অশান্তি পাকানো রুখতে প্রশাসন যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এই রুটমার্চের মাধ্যমে সেই কড়া বার্তাই দেওয়া হয়েছে।


পুলিশ প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গণনার দিন বা ফলাফল পরবর্তী সময়ে কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা বা হিংসা বরদাস্ত করা হবে না। স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। এদিনের এই রুটমার্চ ঘিরে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়ায়, তেমনই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ ফিরেছে।

