কোচবিহার, শিবশংকর সূত্রধর: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা বেজে উঠতেই কোচবিহারের (Cooch Behar) রণকৌশল সাজিয়ে ফেলল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তারা। এবারের তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ হেভিওয়েট নেতাদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনই বেশ কিছু ক্ষেত্রে রদবদল ঘটিয়ে চমক দিয়েছে শাসক শিবির।
তৃণমূলের ঘোষিত তালিকায় দিনহাটা কেন্দ্র থেকে লড়ছেন হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। অন্যদিকে মেখলিগঞ্জ কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর অভিজ্ঞতার ওপর আবারও নির্ভর করছে দল। এবারের তালিকায় সবথেকে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে তুফানগঞ্জে। সেখানে লড়াই করবেন প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল। সিতাই কেন্দ্রে লড়বেন সঙ্গিতা রায় বাসুনিয়া। এছাড়া, কোচবিহার উত্তর কেন্দ্রে পার্থপ্রতিম রায় এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রে অভিজিৎ দে ভৌমিকের (হিপ্পি) নাম ঘোষণা করা হয়েছে। মাথাভাঙ্গায় সাবলু বর্মন, শীতলকুচিতে হরিহর দাস, নাটাবাড়িতে শৈলেন বর্মা লড়ছেন। ২০২১ সালের নির্বাচনে এই জেলায় বিজেপি বেশ ভালো ফল করায় সেই আসনগুলো পুনরুদ্ধার করা তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। এবার এই নতুন ও পুরনো মুখের মেলবন্ধনে সেই হারানো জমি ফিরে পাওয়ার লড়াই শুরু করল জোড়াফুল শিবির।

