উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সব প্রতিকূলতা জয় করে এবং কপ্টার বিভ্রাট মিটিয়ে বুধবার নিজের চেনা ছন্দে উত্তরবঙ্গ সফরে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার কপ্টারের উড়ান নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে এদিন আকাশপথে বালুরঘাট (Balurghat) পৌঁছেছেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে (Assembly Election 2026) সামনে রেখে তৃণমূলের মাসব্যাপী জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবেই তাঁর এই মেগা সফর।
মঙ্গলবার বীরভূমের (Birbhum) রামপুরহাটে যাওয়ার আগে ডিউটি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) অভিষেকের কপ্টারকে ওড়ার অনুমতি দেয়নি বলে অভিযোগ ওঠে। তবে কর্মসূচি বাতিল না করে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টারে বীরভূম পৌঁছান। বুধবার সকালেই সেই প্রশাসনিক জট কেটে যায় এবং তিনি নিজের কপ্টারেই বালুরঘাট থেকে ইটাহার যাওয়ার অনুমতি পান। বিমানে কলকাতা থেকে বালুরঘাট পৌঁছে সেখান থেকে হেলিকপ্টার যোগে পরবর্তী গন্তব্যে রওনা হন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিন বালুরঘাটে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রধান লক্ষ্য ছিল নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। চলতি বছরের এপ্রিলে মুম্বইয়ে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলা বলার অপরাধে ‘বাংলাদেশি’ সন্দেহে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বালুরঘাটের দুই যুবক—অসিত সরকার ও গৌতম। অভিযোগ, স্থানীয় বিজেপি সাংসদের সাহায্য না পেলেও তৃণমূলের সক্রিয় হস্তক্ষেপে তাঁরা মুক্তি পেয়ে ঘরে ফেরেন। এদিন অভিষেক সরাসরি তপনের পাতিরাম এলাকায় অসিত সরকারের বাড়িতে যান এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধন নিয়ে সমস্যায় পড়া পরিবারগুলোর সঙ্গেও কথা বলেন তিনি।
এদিন বিকেলে ইটাহারে একটি বর্ণাঢ্য মেগা রোড-শো করার কথা রয়েছে তৃণমূল নেতার। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করবেন তিনি। এর পাশাপাশি রাতে উত্তরবঙ্গের দলীয় বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে অভিষেকের এই ‘রাজ্যজুড়ে প্রচার’ অভিযান তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে। বিশেষ করে, ভিনরাজ্যে হেনস্থার শিকার শ্রমিকদের উদ্ধার করে পুনরায় তাঁদের বাড়ি গিয়ে দেখা করার এই মানবিক পদক্ষেপ জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

