গঙ্গারামপুর: রাজনীতির ময়দানে লড়াই আর একে অপরকে টেক্কা দেওয়ার চেনা ছবির মাঝেও কিছু ঘটনা অনন্য নজির গড়ে। রবিবার গঙ্গারামপুরে ঠিক এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী বিপ্লব বর্মন (CPIM Candidate Biplab Burman)। নির্বাচনী প্রচারের মাঝপথেই খবর আসে এক মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। মুহূর্তের দেরি না করে প্রচার ছেড়ে হাসপাতালে ছুটে গিয়ে রক্ত দিলেন তিনি (Biplab Burman Blood Donation)।
রবিবার সকাল থেকেই গঙ্গারামপুর শহরের ১০ ও ১১ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার চালাচ্ছিলেন বিপ্লব বর্মন। সেই সময় তিনি জানতে পারেন, বংশীহারী ব্লকের কুশকারী এলাকার বাসিন্দা আছমা বিবি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, কিন্তু পরিবার উপযুক্ত দাতা খুঁজে না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছিল।


খবর পাওয়ামাত্রই বিপ্লববাবু নিজের প্রচার কর্মসূচি স্থগিত রেখে সরাসরি হাসপাতালের ব্লাড ব্যাংকে পৌঁছান এবং নিজেই রক্তদান করেন। তাঁর এই দ্রুত সিদ্ধান্তে আছমা বিবির পরিবারের দুশ্চিন্তার অবসান ঘটে। রোগীর ছেলে হযরত আলী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন সংকটের সময়ে উনি যেভাবে এগিয়ে এলেন, তাতে আমরা ওঁর কাছে ঋণী হয়ে থাকলাম।”
ভোটের বাজারে যখন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে, তখন গঙ্গারামপুরের এই প্রার্থীর মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মনে গভীর দাগ কেটেছে। বিপ্লব বর্মনের এই কাজের প্রশংসা শোনা যাচ্ছে সব মহলেই।

