মুর্শিদাবাদ: নির্বাচনী ডিউটি (Election duty firing Murshidabad) করতে এসে নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই জখম হলেন এক সিআরপিএফ জওয়ান। সোমবার মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম জওয়ানের নাম আর কৃষ্ণমূর্তি, তিনি সিআরপিএফ-এর হেড কনস্টেবল পদে কর্মরত (CRPF Head Constable R Krishnamurthy)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ভারতের বাসিন্দা ওই জওয়ান নির্বাচনের কাজে শক্তিপুর এলাকায় মোতায়েন ছিলেন। সোমবার কর্মরত অবস্থায় আচমকা তাঁর রাইফেল থেকে গুলি চলার বিকট শব্দ শুনতে পান সহকর্মীরা। তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন কৃষ্ণমূর্তি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College) স্থানান্তরিত করেন।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসাবধানতাবশত নিজের সার্ভিস রাইফেল থেকেই গুলি চলে গিয়ে তাঁর দেহের উপরিভাগে বিদ্ধ হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জওয়ানের বর্তমান অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ভোটের মুখে এমন ঘটনায় নিরাপত্তা মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

