উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডিএ’র (DA Case) টাকা এখনই দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে (Supreme Court) ছয় মাস সময় চেয়ে লিখিত আবেদন জানালো রাজ্য সরকার। লিখিত আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ (DA) দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা। রাজ্যের আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে আবেদনে।
এদিকে ডিএ মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে আইনি নোটিশ পাঠানো হয়। আইনি নোটিশ পাঠান সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর না হওয়ায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিনের মধ্যেই রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এখনও পর্যন্ত ডিএ দেওয়া নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। যার ফলে দ্বন্দ্বে পড়ে যান রাজ্য সরকারি কর্মচারীরা। এসবের মাঝেই বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের থেকে আরও ৬ মাস সময় চাইল। নবান্নের যুক্তি, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য বাজেটে অর্থের সংস্থান করে রাখা ছিল না। তাই রাজ্য সরকারের পক্ষে সেই বকেয়া ডিএ এখনই মেটানো সম্ভব নয়।



