উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স বাড়লে দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি কমে যাওয়া স্বাভাবিক নিয়ম। কিন্তু বর্তমানে উদ্বেগের বিষয় হল, অল্পবয়সিদের মধ্যেও কানে কম শোনার সমস্যা প্রকট হচ্ছে। আমরা অনেকেই এর জন্য কেবল ক্রমবর্ধমান শব্দদূষণকে দায়ী করি। তবে চিকিৎসকরা বলছেন, আমাদের দৈনন্দিন জীবনের কিছু আপাতদৃষ্টিতে সাধারণ অভ্যাসই আসলে শ্রবণশক্তি হারানোর প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে (Ear Care)। জেনে নিন কোন ৫টি অভ্যাস আপনার অজান্তেই কানের ক্ষতি করছে:
১. পরিচ্ছন্নতা বজায় রাখা কান সুস্থ রাখার অন্যতম শর্ত। নিজের ইয়ার প্লাগ বা হেডফোন অন্যকে দেওয়া বা অন্যের ব্যবহৃত জিনিস নিজে ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।
২. হাম, মাম্পস বা টাইফয়েডের মতো রোগের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কানের সমস্যা দেখা দিতে পারে। কানে পুঁজ হওয়া বা ইনফেকশন হলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
৩. স্নানের সময় কানে জল ঢুকে যাওয়াকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। কিন্তু দীর্ঘক্ষণ জল জমে থাকলে সংক্রমণ হতে পারে, যা পরে মারাত্মক রূপ নেয়।
৪. দীর্ঘক্ষণ চড়া ভলিউমে হেডফোন ব্যবহারের অভ্যাস কানের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, নিরাপদ মাত্রার চেয়ে বেশি তীব্র শব্দ শ্রবণশক্তি চিরতরে কেড়ে নিতে পারে।
৫. কান চুলকালে বা পরিষ্কার করতে কটন বাড, চাবির রিঙ, বা সেফটিপিন ব্যবহার করার অভ্যাস অনেকেরই আছে। এতে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে। এমনকি কানে তেল দেওয়ার সনাতনী অভ্যাসও শ্রবণযন্ত্রের স্থায়ী ক্ষতি করতে পারে। মনে রাখবেন, কান শুধু শোনার যন্ত্র নয়, শরীরের ভারসাম্য রক্ষাতেও এর ভূমিকা অপরিসীম।

