ডালখোলা: উত্তর দিনাজপুরের ডালখোলায় এক বিশাল জনসভায় দাঁড়িয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। শিক্করের এই সভায় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গকে অশান্ত কাশ্মীরের পথে হাঁটা থেকে রুখতে রাজ্যে বিজেপি সরকার গঠন অনিবার্য। তাঁর মতে, একমাত্র ‘ডবল ইঞ্জিন’ সরকারই বাংলার সুরক্ষা ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে।
মতুয়া অধ্যুষিত এই এলাকায় মন্ত্রী বিশেষ গুরুত্ব দেন নাগরিকত্ব (CAA) ইস্যুর ওপর। তিনি মতুয়াদের দ্রুত নাগরিকত্বের আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, ‘নাগরিকত্ব না নিলে ভবিষ্যতে মায়ানমারের রোহিঙ্গাদের মতো পরিস্থিতির সম্মুখীন হতে পারে এই সম্প্রদায়।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়াদের যে সম্মান দিয়েছেন, তাও তিনি স্মরণ করিয়ে দেন তিনি। তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি অভিযোগ করেন, আয়ুষ্মান ভারত ও কিষাণ সম্মান নিধির মতো প্রকল্প রাজ্যে আটকে রাখা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।।



