শিলিগুড়ি : দার্জিলিং ও বিজনবাড়ির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণে এবং পর্যটন মানচিত্রে দুই জায়গাকে জুড়তে রোপওয়ে চালুর প্রস্তাব দিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। জাতীয় পর্বতমালা স্কিমের আওতায় এই প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রককে। রাজুর আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের কাছে প্রকল্পের ফিজিবিলিটি রিপোর্ট চাইল কেন্দ্র।
কী থাকবে সেই রিপোর্টে? ওই এলাকায় রোপওয়ে তৈরি কতটা যুক্তিযুক্ত, চালু হলে কী কী সুবিধা হতে পারে এবং কোনও সমস্যা আদৌ হবে কি না ইত্যাদি একাধিক বিষয়। দার্জিলিংয়ের সাংসদকেও কেন্দ্রীয় সড়ক পরিবহণের রাষ্ট্রমন্ত্রী অজয় টামটা চিঠি দিয়ে রিপোর্টের কথা জানান। এর পাশাপাশি দার্জিলিং যাওয়ার জন্য বিকল্প যে রাস্তা তৈরির প্রস্তাব কেন্দ্রকে দিয়েছিলেন রাজু, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিয়ে সেটার ডিপিআর তৈরি করতে বলা হয়েছে। এ প্রসঙ্গে সাংসদের বক্তব্য, ‘পাহাড়ে রোপওয়ে তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছিলাম। আজ রাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে জানিয়েছেন কাজ এগোচ্ছে। রোপওয়ে, দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হলে পর্যটনশিল্প এবং স্থানীয় স্তরে বড় প্রভাব পড়বে।’
মূলত দার্জিলিং থেকে বিজনবাড়ি, ডেলো থেকে কালিম্পং আর রেলি থেকে চিত্রে পর্যন্ত রোপওয়ে চালুর জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির কাছে তদ্বির করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। পাশাপাশি শিলিগুড়ি থেকে দুধিয়া, বালাসন, ধোতরে, ঘুম হয়ে শৈলশহরে যাওয়ার জন্য বিকল্প সড়কেরও আবেদন করেন। সাংসদের দাবি, দুটো বিষয়ই কেন্দ্রীয় মন্ত্রক গুরুত্ব সহকারে দেখছে। তবে, রোপওয়ের জন্যে আপাতত রাজ্যের ফিজিবিলিটি রিপোর্টের ওপর নির্ভর করছে কেন্দ্র। রাজুর আশা, রোপওয়ে চালু হলে দার্জিলিং থেকে বিজনবাড়ি পর্যন্ত যাতায়াতে স্থানীয়দেরও সুবিধা হবে। আকর্ষণ বাড়বে পর্যটকদের।

