রাহুল মজুমদার, শিলিগুড়ি: ধসে ক্ষতিগ্রস্ত গয়াবাড়ি এবং পাগলাঝোরার মাঝে টয়ট্রেনের লাইন। এর জেরে আগামী ছয়দিনের জন্য বাতিল করে দেওয়া হল নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা (Darjeeling Toy Train)। এনজেপি থেকে দার্জিলিং (NJP to Darjeeling Toy Train) এবং দার্জিলিং থেকে এনজেপি গামী ট্রেন দুটিই বাতিল করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত ট্রেন বাতিলই থাকবে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্তারা।
সোমবার প্রেস বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের অতিরিক্ত জনসংযোগ আধিকারিক নিলাঞ্জন দেব। এদিকে ভরা পর্যটন মরশুমে বিপর্যয়ের জেরে অনেক পর্যটককেই আগে কাটা টিকিট বাতিল করতে হয়েছে। সকলেরই টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
রবিবার রাতে গয়াবাড়ি এবং মহানদীর মাঝে পাগলাঝোরার কাছে পাহাড়ের ধারে যে গার্ডওয়াল দেওয়া রয়েছে তা ধসে যায়। এর জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ডিএইচআরের (Darjeeling Himalayan Railway) লাইন। প্রাথমিকভাবে মেরামতি করে ট্রেন চালানো যায় কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। কিন্তু রেল সূত্রে খবর, লাইনের নীচের থেকে মাটিও অনেকটাই ধসে গিয়েছে। যে কারণে টয়ট্রেনের লাইন শূন্যে ঝুলছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই ট্রেন চালানো যাবে না বলে রেলের দল রিপোর্ট দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই সোমবার ট্রেন বাতিল করা হয়। এই পরিস্থিতিতে এনজেপি থেকে দার্জিলিং গামী ট্রেন আগামী ৭ জুন পর্যন্ত এবং দার্জিলিং থেকে এনজেপি গামী ট্রেন আগামী ৮ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে বলে ডিএইচআরের তরফে জানানো হয়েছে।

