উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুইন্টন ডি’ককের (Quinton de Kock) চোখ ধাঁধানো ৯০ রানের ইনিংসে ভর করে মুল্লানপুরে আয়োজিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে ৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল এইডেন মার্করামের (Aiden Markram) নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে পাঠান সূর্যকুমার যাদব। তবে ভারতীয় অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি’কক। মাত্র ৪৬ বলে ৫টি চার ও ৭টি বিশাল ছক্কা মেরে তিনি খেলেন ৯০ রানের এক বিধ্বংসী ইনিংস। শেষ দিকে ডোনোভান ফেরেইরা (Donovan Ferreira) মাত্র ১৬ বলে ৩০ এবং ডেভিড মিলার (David Miller) ১২ বলে অপরাজিত ২০ রানের ঝড়ো ক্যামিওতে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল স্কোর খাড়া করে। ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের (Arshdeep Singh) দিনটি ছিল অত্যন্ত খারাপ। তিনি একটি ওভারে সাতটি ওয়াইড বল করে চরম হতাশ করেন।
২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় বিভীষিকাময়। শুভমান গিল (Shubman Gill), অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)-এর মতো গুরুত্বপূর্ণ ব্যাটাররা পাওয়ার-প্লের মধ্যেই উইকেট হারান।
ভারতের ব্যাটিং ব্যর্থতার মাঝে একমাত্র আশার আলো ছিলেন তিলক বর্মা (Tilak Varma), যিনি মাত্র ৩৪ বলে ৬২ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। কিন্তু তাঁর সেই লড়াইও যথেষ্ট ছিল না।ভারতীয় দল নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ১৬২ রানে অল-আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা এই জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়ে আনল। এখন সিরিজের বাকি ম্যাচগুলিতে কেমন পারফরম্যান্স করে ভারত, সেটাই দেখার।

