উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে (Chinsurah Candidate) বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। টানা তিন বারের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা অসিত মজুমদারকে (Asit Mazumdar) সরিয়ে এবার এই কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হচ্ছেন দলের তরুণ তুর্কি ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও, এবার বিধানসভায় দেবাংশুর ওপরই ভরসা রাখল দল।
২০১১ সাল থেকে টানা চুঁচুড়ার বিধায়ক পদে ছিলেন অসিত মজুমদার। কিন্তু এবার তাঁকে টিকিট না দিয়ে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনেও দেবাংশু এই কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল, তবে সেবার দল অভিজ্ঞ অসিত মজুমদারকেই বেছে নিয়েছিল। এবার সেই ধারায় বদল এনে যুব শক্তির ওপর বাজি ধরল কালীঘাট।
গত কয়েক দিন ধরেই চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে এলাকায় নজিরবিহীন সক্রিয়তায় দেখা যাচ্ছিল। কখনও পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে দেখতে হাসপাতালে ছুটছিলেন, আবার কখনও সিপিএমের অসুস্থ নেতার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করছিলেন। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছিল, তবে কি টিকিট না পাওয়ার কোনও আগাম ‘খবর’ তাঁর কাছে ছিল? যদিও এই তৎপরতাকে স্রেফ ‘সৌজন্য’ বলে দাবি করেছেন অসিত বাবু। তিনি বলেন, “এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। অসুস্থতার খবর শুনে দেখতে আসাটা মানবিক কর্তব্য।”
গত বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে সাড়া ফেলা দেবাংশু এবার নিজেই ময়দানে। তমলুকের হার ভুলে এবার হুগলির এই গুরুত্বপূর্ণ আসনে নিজেকে প্রমাণ করার লড়াই তাঁর সামনে। চুঁচুড়ার ভোটাররা তিন বারের পরিচিত বিধায়কের বদলে এই নতুন ও তরুণ মুখকে কতটা আপন করে নেবেন, সেটাই এখন দেখার।

