উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি বিমানবন্দর (Delhi airport)। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের টার্মিনাল ১-এ দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রানওয়েতে ট্যাক্সিং করার সময় স্পাইসজেটের (SpiceJet) একটি বিমান ধাক্কা মারে আকাসা এয়ারের (Akasa Air) একটি দাঁড়িয়ে থাকা বিমানে। এই ঘটনায় দুই বিমানেরই ডানার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির খবর এই যে, সমস্ত যাত্রী ও বিমানকর্মীরা নিরাপদ রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। লেহ থেকে দিল্লিগামী স্পাইসজেটের বিমানটি (SG-124) অবতরণের পর নির্ধারিত পার্কিং বে-র দিকে যাচ্ছিল। সেই সময় দিল্লি থেকে হায়দরাবাদগামী আকাসা এয়ারের (QP 1406) একটি বিমান রানওয়েতে স্থির অবস্থায় ছিল। স্পাইসজেটের বিমানের ডানদিকের উইংলেটটি (Winglet) সজোরে ধাক্কা মারে আকাসা এয়ারের বিমানের বামদিকের হরিজন্টাল স্ট্যাবিলাইজারে।


প্রাথমিক রিপোর্টে জানা গেছে, সংঘর্ষের ফলে দুটি বিমানেরই যথেষ্ট ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই মেরামতির জন্য দুই সংস্থাকেই কয়েক কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে হবে। দুর্ঘটনার পরেই স্পাইসজেট বিমানটিকে গ্রাউন্ডেড (Grounded) করা হয়েছে। অন্যদিকে, আকাসা এয়ারের যাত্রীদের হায়দরাবাদে পাঠাতে বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়।
স্পাইসজেট তাদের বিবৃতিতে এই ঘটনাকে ‘গ্রাউন্ড অকারেন্স’ (Ground Occurrence) বলে বর্ণনা করেছে। অন্যদিকে, আকাসা এয়ার জানিয়েছে যে, তাদের বিমানটি সম্পূর্ণ স্থির অবস্থায় ছিল যখন অন্য বিমানটি এসে ধাক্কা মারে।
বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। ডিজিসিএ জানিয়েছে, “১৬ এপ্রিল ২০২৬ তারিখে স্পাইসজেটের বিমানটি ট্যাক্সিং করার সময় পার্ক করে রাখা আকাসা এয়ারের বিমানের লেজের অংশে ধাক্কা মারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই কলকাতা বিমানবন্দরে একটি ক্যাটারিং ভ্যান ইন্ডিগোর পার্ক করা বিমানে ধাক্কা মেরেছিল। বারবার বিমানবন্দরে এধরণের সুরক্ষা বিচ্যুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

