উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কড়া নিরাপত্তার ঘেরাটোপ টপকে খোদ দেশের রাজধানীর বিধানসভা চত্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সোমবার দুপুরে দিল্লির বিধানসভায় (Delhi Assembly) বড়সড়ো নিরাপত্তা বিভ্রাটের (Security Breach) খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। একটি সাদা রংয়ের গাড়ি আচমকাই বিধানসভার ২ নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। চাঞ্চল্যকর বিষয় হল, চালক গাড়ি থামিয়ে বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তার অফিসের (Speaker’s office) সামনে একটি ফুলের তোড়া (Bouquet) রেখে চোখের পলকে এলাকা ছেড়ে চম্পট দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি সাদা রংয়ের গাড়ি দ্রুত গতিতে এসে বিধানসভার লোহার গেটে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ শুনে উপস্থিত নিরাপত্তারক্ষী ও কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি সোজা স্পিকারের অফিসের বারান্দার সামনে গিয়ে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে দ্রুত একটি ফুলের তোড়া রেখে পুনরায় গাড়িতে উঠে পড়ে। এরপর পালানোর সময় ফের ২ নম্বর গেটেই ধাক্কা মেরে সেটি ভেঙে দ্রুত গতিতে চত্বর থেকে বেরিয়ে যায়। পুরো ঘটনাটি ঘটতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট।
প্রাথমিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ওই ফুলের তোড়ার মধ্যে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু রয়েছে কিনা। তবে তল্লাশি চালিয়ে তেমন কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, হাই-প্রোফাইল এই এলাকায় এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে একটি গাড়ি গেট ভেঙে ভিতরে ঢুকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারল? ঘটনায় বিধানসভার নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিধানসভা চত্বরের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির গতিপথ শনাক্ত করার চেষ্টা চলছে। একইসঙ্গে উত্তরপ্রদেশের ওই নম্বর প্লেটের সূত্র ধরে গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হয়েছে। বিধানসভা চত্বরে ঢোকার সমস্ত প্রবেশপথ এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই ‘দুঃসাহসিক’ অনুপ্রবেশের নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

