উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ২০২০ সালের দিল্লি হিংসা মামলায় জেএনইউ-এর প্রাক্তন ছাত্র উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তবে একই মামলায় স্বস্তি পেয়েছেন গুলফিশা ফতিমা, মিরন হায়দার সহ বাকি পাঁচ অভিযুক্ত। তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানির সময় আদালত সংবিধানের ৩২১ নম্বর অনুচ্ছেদ এবং ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গটি গুরুত্ব সহকারে আলোচনা করে। আদালত জানায়, সংবিধান ব্যক্তিস্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিলেও জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তা আপসযোগ্য নয়। বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, উমর ও শারজিলের বিরুদ্ধে ওঠা অভিযোগের গুরুত্ব এবং প্রকৃতি বাকি পাঁচজনের থেকে সম্পূর্ণ আলাদা। ফলে সবাইকে একই পাল্লায় মেপে জামিন দেওয়া সম্ভব নয়।


উমর-শারজিলের আবেদন নাকচ হলেও আদালত গুলফিশা ফতিমা, মিরন হায়দার, শিফাউর রহমান, মহম্মদ শাকিল খান এবং শাদাব আহমেদের জামিন মঞ্জুর করেছে। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর তাঁদের জন্য এই রায় বড় স্বস্তি নিয়ে এল।
তবে জামিন না মিললেও উমর ও শারজিলের সামনে আইনি পথ একেবারে বন্ধ হয়ে যায়নি। শীর্ষ আদালত জানিয়েছে, ‘সুরক্ষিত সাক্ষীদের’ বয়ান নেওয়া যদি দ্রুত শেষ হয়, তবে তাঁরা পুনরায় জামিনের আর্জি জানাতে পারবেন। অন্যথায় এক বছর পর তাঁরা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

