উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ধুরন্ধর’ (Dhurandhar) দেখতে গিয়ে ধুন্ধুমার কাণ্ড ভোপালের (Bhopal) প্রেক্ষাগৃহে। দর্শকের মধ্যে হাতাহাতি কাণ্ড। সেই মুহূর্তের ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভিডিও-য় দেখা গিয়েছে, ছবি চলাকালীন প্রেক্ষাগৃহের মধ্যে কয়েকজন ঝগড়া করছেন। প্রেক্ষাগৃহের আসনের উপর দাঁড়িয়ে চেঁচামেচি করছেন তাঁরা। এরপর বচসা থেকে বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়ায়। যার ফলে ছবির প্রদর্শনের উপর প্রভাব পড়ে। অনেকে প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যেতে শুরু করেন। অনেকে আবার ছবি দেখার জন্য আসনে দাঁড়িয়ে পড়েন। পরে ম্যানেজমেন্ট স্টাফরা গিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কী কারণে এই ঘটনা, তা স্পষ্ট নয়।

আদিত্য ধর পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। ছবিতে উঠে এসেছে পাকিস্তানের লিয়ারি শহরের কথা। কীভাবে গ্যাংস্টারদের মধ্যে কোন্দল চলত, তা-ও দেখা গিয়েছে ছবিতে। বক্স অফিসে (Box Office) ইতিমধ্যে ঝড় তুলেছে ছবিটি। ইতিমধ্যে দেশে এই ছবির ব্যবসা ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে।

