উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাওয়া হল না ছাদনাতলায়! দুর্ঘটনায় (Uttar Pradesh Accident) প্রাণ হারালেন বর সহ আট জন বরযাত্রী। মৃতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে।
পুলিশ (Police) সূত্রে জানা গেছে, সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ুঁ জেলার সিরতৌলে বিয়ে করতে যাচ্ছিলেন সুরজ। একটি এসইউভি গাড়িতে সুরজ এবং তাঁর পরিবারের ১০ জন সদস্য ছিলেন। কনের বাড়িতে পৌঁছনোর আগেই জেওয়ানাই গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক কলেজের দেওয়ালে ধাক্কা মেরে উলটে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে বর এবং তাঁর পরিবারের পাঁচ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে (Hospital)। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিন জনের। দু’জনের অবস্থা আশঙ্কাজনক তাদের নিয়ে যাওয়া হয়েছে আলিগড় মেডিকেল কলেজে। এদিকে বরের মৃত্যু সংবাদ পেয়ে কনের বাড়িতে শোকের ছায়া।


মৃতদের মধ্যে রয়েছেন, সুরজ (২৪), তাঁর বৌদি আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), সুরজের তুতো ভাই মনোজের পুত্র বিষ্ণু (৬), সুরজের কাকিমা, সুরজের দুই ভাই-বোন এবং এক আত্মীয়।

