বহরমপুর: জীবন যেন কোনো টানটান থ্রিলার সিনেমার চিত্রনাট্য! দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের প্রথম স্বামীর সংসারে ফিরেছিলেন এক গৃহবধূ। কিন্তু সেই ফেরার আনন্দ স্থায়ী হলো না। এটিএম কাউন্টার থেকে টাকা তুলে বেরোনোর সময় প্রকাশ্য দিবালোকে, ফিল্মি কায়দায় ওই গৃহবধূকে অপহরণ (Domkal Kidnapping) করার অভিযোগ উঠল তাঁর সদ্য ‘প্রাক্তন’ হওয়া দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। রবিবার মুর্শিদাবাদের ডোমকল এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
অপহৃত গৃহবধূর নাম দীপালি দাস। তাঁর প্রথম স্বামী শ্রীকৃষ্ণ দাসের অভিযোগের তির দিপালীর দ্বিতীয় স্বামী সোনারুল শেখের দিকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীকৃষ্ণ জানান, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে এটিএম থেকে টাকা তুলতে এসেছিলাম। দীপালি কাউন্টারের ভেতরে ছিল, আমি বাইরে অপেক্ষা করছিলাম। টাকা তুলে বেরোনোর সময় চোখের পলকে একটি গাড়ি নিয়ে সেখানে হাজির হয় সোনারুল। কিছু বুঝে ওঠার আগেই দীপালিকে জোর করে গাড়িতে তুলে চম্পট দেয় সে।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিপালীর সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল শ্রীকৃষ্ণ দাসের। কিন্তু কয়েক মাস আগে শ্রীকৃষ্ণকে ছেড়ে সোনারুল শেখের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে সেই সম্পর্ক সুখের হয়নি। কিছুদিনের মধ্যেই সোনারুলের ঘর ছেড়ে বাপের বাড়িতে ফিরে আসেন দীপালি এবং আইনত বিবাহবিচ্ছেদ করেন। এরপরই তিনি ফের প্রথম স্বামী শ্রীকৃষ্ণের আশ্রয়ে ফিরে যান।
বিচ্ছেদের প্রতিশোধ নিতেই কি এই অপহরণ? না কি এর নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে? ঘটনার পর শ্রীকৃষ্ণ দাস পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ (Murshidabad Police)। অভিযুক্ত সোনারুল শেখের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এটিএম সংলগ্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে প্রশাসন।

