উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কি তবে চিড় ধরছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যে বর্তমানে সেই জল্পনাই তুঙ্গে (Donald Trump-Narendra Modi)। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তাঁর উপর ‘অখুশি’। কিন্তু কেন? সেই কারণও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
মঙ্গলবার হাউস রিপাবলিকান মেম্বার রিট্রিট কর্মসূচিতে যোগ দিয়ে আমেরিকা ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের কথা উল্লেখ করেন ট্রাম্প। সেখানেই তিনি স্বীকার করেন যে, রাশিয়ার থেকে তেল কেনার (Russian oil) জরিমানা হিসেবে নয়াদিল্লির উপর বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন (Steep tariffs)। আর তা নিয়ে অসন্তুষ্ট মোদি। ট্রাম্পের কথায়, ‘মোদির সঙ্গে আমার ভালো সম্পর্ক। কিন্তু তিনি আমার উপর ততটা খুশি নন, কারণ ভারতকে এখন অনেক শুল্ক দিতে হচ্ছে। কিন্তু তারা রাশিয়া থেকে তেল আমদানি যথেষ্ট পরিমাণে কমিয়ে দিয়েছে।’ পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট একটি বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে তিনি দাবি করেন যে মোদি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করেছিলেন।


পাশাপাশি ট্রাম্প দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার কথাও উল্লেখ করেছেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অ্যাপাচে হেলিকপ্টার সরবরাহের বিষয়ে ইঙ্গিত দিয়ে তাঁর দাবি, ভারত বেশ কয়েক বছর ধরে এর জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, ‘ভারত ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার করেছে আমেরিকার থেকে।’ তবে তিনি এবিষয়ে আর কোনও বিস্তারিত তথ্য দেননি।
উল্লেখ্য, ট্রাম্প ভারতীয় পণ্যের ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে রাশিয়া থেকে তেল কেনার জরিমানা হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট বারবার সতর্ক করেছেন যে, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি কমিয়ে না দেয়, তবে অতিরিক্ত নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। সম্প্রতি ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানোর ইঙ্গিতও দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘রাশিয়ার তেলের বিষয়ে ভারত সহযোগিতা না করলে আমরা তাদের উপর শুল্ক আরও বাড়াতে পারি।’ রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তিনি যে খুশি নন, তা মোদি জানেন বলেও দাবি করেন ট্রাম্প। আর এসবের মাঝেই ট্রাম্প এবার দাবি করলেন মোদি তাঁর উপর খুশি নন।

