উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতে থাকা রাশিয়া-ইউক্রেন সংঘাত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিতে পারে বলে সতর্ক করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ট্রাম্প জানান, গত মাসেই যুদ্ধে ২৫,০০০ মানুষ, (যাদের বেশিরভাগই সৈন্য) নিহত হয়েছেন। এতে রীতিমত হতাশ হলেও ট্রাম্প জানান, ‘আমি হত্যাকাণ্ড বন্ধ দেখতে চাই… এর জন্য আমরা খুব কঠোর পরিশ্রম করছি। সাধারণত এই ধরনের ঘটনা বিশ্বযুদ্ধে পরিণতি পায়। আমরা এটা কখনই চাই না।’
রাশিয়া-ইউক্রেন দুই দেশই যুদ্ধ বন্ধের কোনও প্রস্তাবেই রাজি না হওয়ায় এদিন যথেষ্টই হতাশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রপতি। এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছিলেন যে, যুদ্ধবিরতির ক্ষেত্রে অত্যন্ত ধীরগতির কারণে মস্কো ও কিয়েভের উপর ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ। শুধু মাত্র সাক্ষাতের জন্য তিনি এদের সঙ্গে বৈঠকে অংশ নিতে চান না।’
তাঁর আরও দাবি, ট্রাম্প প্রশাসন শান্তি প্রচেষ্টা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে, বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে এনিয়ে আলোচনা করছেন ট্রাম্প এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক এবং লুহানস্ক এলাকাগুলি থেকে তাদের বাহিনিকে প্রত্যাহার করতে হবে। যদিও জেলেনস্কি পরিষ্কার জানিয়েছেন কোনও ভাবেই রাশিয়ার শর্তে দেশের মাটি ক্রেমলিনের হাতে তুলে দেওয়া হবে না।

